ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

সবার আগে বিশ্বকাপের নকআউটের টিকিট পেল মেক্সিকো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটের টিকিট পেল মেক্সিকো
ছবি: সংগৃহীত

প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় অনুষ্ঠিত 'এ' গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। বিরতির পর কোরিয়ান গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে পাওয়া সুযোগে জাল কাঁপিয়ে মেক্সিকানদের উল্লাসে মাতান মিডফিল্ডার লুইস রোমো।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া-ই। তবে তাদেরই ভুলে গোল পেয়ে যায় মেক্সিকো। আর সেই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।

৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউ একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।

এর পর কোরিয়া বেশ চেষ্টা করেছে গোল করার। একটি গোল প্রায় পেয়েই গিয়েছিলো তারা। তবে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মেক্সিকোর গোলকিপার রাউল রাঙ্গেল। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গোলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।

মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল। ফলে দুই ম্যাচে কোনো গোল হজম করেনি তারা এখন পর্যন্ত। অপরদিকে, প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও আজ মেক্সিকোর কাছে হেরে গেল এশিয়ার দেশ কোরিয়া। তবে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ যাওয়ার সুযোগ আছে তাদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের, তার পাশাপাশি মেক্সিকোর বিপক্ষে জিততে হবে চেকিয়ার।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত