ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

জন্মবার্ষিকীতে মান্নান হীরার স্মরণে আরণ্যকের দুই দিনের আয়োজন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮:১৩

জন্মবার্ষিকীতে মান্নান হীরার স্মরণে আরণ্যকের দুই দিনের আয়োজন
ছবি: সংগৃহীত

প্রয়াত নাট্যকার, নির্দেশক ও সংগঠক মান্নান হীরার ৭০তম জন্মবার্ষিকী ঘিরে আরণ্যক নাট্যদল আয়োজন করেছে দুই পর্বের বিশেষ অনুষ্ঠানের।

প্রথম পর্বে মঙ্গলবার আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক 'ময়ূর সিংহাসন' প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে নাটকটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়।

নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, রুবলী চৌধুরী, সাঈদ সুমনসহ অনেকে।

জন্মবার্ষিকীর এই আয়োজনের দ্বিতীয় পর্ব থাকছে শুক্রবার। ওইদিন বিকাল ৪টায় হবে 'মান্নান হীরা স্মারক বক্তৃতা'। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে আয়োজিত এই বক্তৃতায় থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক, নির্দেশক ও অভিনেতা ইউসুফ হাসান অর্ক।

মান্নান হীরা স্মরণে ২০২২ সাল থেকে আরণ্যক নাট্যদল প্রবর্তন করে মান্নান হীরা স্মারক বক্তৃতা।

মান্নান হীরা ১৯৫৭ সালের ৭ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি আরণ্যক নাট্যদলের সাথে তার নাট্যযাত্রা শুরু করেন।

তিনি একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক ছিলেন। স্বাধীন বাংলাদেশে পথনাটক চর্চার পথিকৃৎ গণ্য করা হয় তাকে। ১৯৯৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। নাটক ক্যাটাগরিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এছাড়াও বাংলা একাডেমি থেকে শহীদ আকন্দ পদক, নাট্যদল থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।

মান্নান হীরা স্মরণে আরণ্যকের দুই দিনের আয়োজন

মান্নান হীরা ২০২০ সালের ২৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মঞ্চ ও টিভির জন্য বহু নাটক লিখেছেন তিনি।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক।

পথনাটক, মঞ্চনাটকের পাশাপাশি মান্নান হীরা চলচ্চিত্রও নির্মাণ করেন।

২০১৪ সালে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন তিনি, সেটাই তার প্রথম চলচ্চিত্র।

‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মিত হয় মান্নান হীরার হাতে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত