ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন ইতিহাস

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১:৩৫

মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন ইতিহাস
ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। সিনেমাটি বৈশ্বিক টিকিট বিক্রি থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে। এটিই প্রথম বায়োপিক, যা বিলিয়ন ডলার আয় ছাড়াল।

উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলার।

মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছিল ‘মাইকেল’। বিশেষ করে চিত্রনাট্যের কিছু অংশ পুনর্নির্মাণ এবং বিতর্কিত অভিযোগসংক্রান্ত দৃশ্য বাদ দেওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। তবে দর্শকের ব্যাপক আগ্রহে এপ্রিলে মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে সিনেমাটি।

প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে ছবিটি। এর মাধ্যমে ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর ৬ কোটি ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে দেয় এটি।

ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং বারবার সিনেমা হলে ফিরে আসা দর্শকের কারণে পুরো গ্রীষ্মজুড়েই ছবিটি শক্ত অবস্থান ধরে রেখেছে।

‘মাইকেল’ এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকও বটে। এর আগে এই রেকর্ড ছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র, যার বৈশ্বিক আয় ছিল ৯১১ মিলিয়ন ডলার।

‘মাইকেল’ নির্মাণ করেছে লায়ন্সগেট। উত্তর আমেরিকায় পরিবেশনার দায়িত্বও ছিল প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।

‘মাইকেল’-এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয় করা ছবি ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ (৮৬৫ মিলিয়ন ডলার) এবং ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২’ (৮৫০ মিলিয়ন ডলার)। ‘মাইকেল’ স্টুডিওটির ইতিহাসে প্রথম বিলিয়ন ডলার আয়ের সিনেমা।

লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন এক বিবৃতিতে বলেন, “বিশ্বজুড়ে দর্শক ছবিটিকে যেভাবে গ্রহণ করেছেন, তা একে পপ সংস্কৃতির বড় ঘটনায় পরিণত করেছে। এটি প্রমাণ করে, মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা আজও অটুট এবং প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতা নিতেও দর্শক মুখিয়ে থাকেন।”

ছবিটি পরিচালনা করেছেন অঁতোয়ান ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে যাত্রা এবং পরবর্তী সময়ে ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।

মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। এ ছাড়া অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়াহ লং।

এই সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবনের বাকি অধ্যায় নিয়ে অন্তত আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে লায়ন্সগেট।

পরিচালক অঁতোয়ান ফুকোয়া বলেন, “এক বিলিয়ন ডলারের এই মাইলফলক আমাদের পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশ্বের নানা প্রজন্মের দর্শক ছবিটিকে যেভাবে গ্রহণ করেছেন, তা আমাদের জন্য গভীরভাবে প্রেরণার।”

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত