স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হতে হয়েছিল: ইয়াশ রোহান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৬:৩২

স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হতে হয়েছিল অভিনেতা ইয়াশ রোহানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই ট্রমার কথা তুলে ধরেছেন তিনি।
মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে নিজের স্কুলজীবনের অভিজ্ঞতা স্মরণ করে ইয়াশ রোহান বলেন, ‘আমার স্কুল লাইফ ওয়াজ ভেরি ব্যাড। আমার স্কুল লাইফ ওয়াজ ভেরি ট্রমাটিক বলব। কারণ, আমি আমার স্কুলের ওই ছেলেটা ছিলাম, যে সবার থেকে হয়তো একটু খাটো ছিলাম, যে হয়তো চেহারার দিক দিয়ে অন্যদের থেকে অপরিণত ছিল দেখতে। একদম ছোটবেলা থেকেই আমাকে প্রচুর পরিমাণ বুলিংয়ের শিকার হতে হয়েছে।
কেন তাঁকে বুলিংয়ের শিকার হতে হয়েছিল, তার নির্দিষ্ট কোনো উত্তর আজও খুঁজে পাননি এই অভিনেতা।
তাঁর ভাষ্যে, অনেক সময় বুলিংয়ের পেছনে কোনো যৌক্তিক কারণই থাকে না। এ বিষয়ে তিনি বলেন, ‘বুলিং ব্যাপারটা এমন একটা জিনিস, কাকে কেন বুলি করা হয়, এটার কোনো কারণ থাকে না। কিন্তু আমি নিয়মিতই আমার স্কুলে, ক্লাসে বুলিংয়ের শিকার হতাম।
ইয়াশ জানান, বর্তমানে বুলিং নিয়ে সমাজে সচেতনতা অনেক বেড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। তবে তাঁর স্কুলজীবনে এমন কোনো সচেতনতা ছিল না।
তিনি বলেন, ‘এখন যেমন বুলিং নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে, অনেক কথাবার্তা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কঠোর, বিভিন্ন স্কুলও—তবে সব স্কুলে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জোর দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়। আমাদের স্কুলে তখনো বুলিং নিয়ে কোনো সচেতনতা ছিল না। তখন এটাকে যে বুলিং বলে, সেটাই বুঝতাম না, জানতাম না।’
স্কুলজীবনের সেই অভিজ্ঞতা এখনও তাঁকে মানসিকভাবে নাড়া দেয়। অতীতের স্মৃতি মনে করতে গিয়ে ইয়াশ বলেন, ‘আমি স্কুলে অনেক নির্যাতিত হয়েছি। আমার স্কুলজীবন ছিল খুবই ভয়ংকর। সবাই স্কুলের কথা বলে, অনেক স্মৃতি থাকে। কিন্তু আমার স্কুলজীবনের ভালো কোনো স্মৃতি নেই।’
উল্লেখ্য,টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন ইয়াশ রোহান। পরে ‘স্বপ্নজাল’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ‘পরাণ’সহ একাধিক আলোচিত সিনেমা, নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে পেশাগত সাফল্যের পরও স্কুলজীবনের বুলিংয়ের তিক্ত স্মৃতি তাঁর জীবনের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










