ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:১১

ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান, বিষয়টি নিয়ে তার ভিন্ন মত থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির অনুমোদন দিয়েছেন। তার দাবি, ট্রাম্প মরিয়া হয়েই নানা ধরনের কৌশল ব্যবহার করে চুক্তি সই করেছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোষ্টে জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এর কিছুক্ষণ পর ইরানের সর্বোচ্চ নেতা জানান, বিষয়টি নিয়ে তার ভিন্ন মত থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাকে আশ্বস্ত করার পর তিনি এই চুক্তি স্বাক্ষর করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা হবে, তবে এর অর্থ এই নয় যে ইরান শত্রুর অবস্থান মেনে নিচ্ছে।

ট্রাম্প সরাসরি খামেনির বক্তব্যের জবাব দেননি। তবে তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি আশা করছেন সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মধ্যে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সংঘাতও রয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বজায় রাখে।

এদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, চুক্তিটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং এর ফলে ৬০ দিনের আলোচনার সময়সীমা শুরু হয়েছে। তিনি জানান, কারিগরি আলোচনা চালাতে তিনি সম্ভবত সুইজারল্যান্ডে যাবেন।

তিনি বলেন, ইরান চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো অর্থ বা নিষেধাজ্ঞা শিথিলকরণ পাবে না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ১৪টি মূল বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন শর্ত, এবং ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের (২২৭ বিলিয়ন পাউন্ড) একটি তহবিল গঠন। তবে এই তহবিলে অর্থ দেওয়ার বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই।

চুক্তিতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।

এদিকে, চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান জানায়, চুক্তিটি ইতোমধ্যেই দূরবর্তী পদ্ধতিতে স্বাক্ষরিত হওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবুও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরবর্তী আলোচনা চালাতে সুইজারল্যান্ডে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত