যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিস্তারিত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৭:৩১ আপডেট : ২১ জুন ২০২৬, ১৭:৩৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত আসবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সমঝোতা স্মারকের সব শর্তই আমাদের অনুকূলে রয়েছে, এবং এই আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার ফলাফল শিগগিরই স্পষ্ট হবে।”
পেজেশকিয়ান দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে যেসব বিষয়কে নিষিদ্ধ হিসেবে উল্লেখ করেছিলেন, সাম্প্রতিক বক্তব্যে সেগুলোকেই জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
তিনি বলেন, “আমাদের কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত আসবে।”
ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে বলেন, সুইজারল্যান্ডে চলমান আলোচনায় তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবেন।
পারমাণবিক ইস্যু প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি হলো- ইরান যেন পারমাণবিক অস্ত্র না রাখে। তিনি বলেন, “আমাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার বলেছেন, আমরা পারমাণবিক বোমা চাই না।”
তিনি আরও উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র বলেছে- এটি লিখে স্বাক্ষর করুন, এবং আমরা তা স্বাক্ষর করেছি।”
বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান অস্থিরতা ও সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে, যদিও চূড়ান্ত চুক্তির বাস্তবায়ন এখনও অনিশ্চিত।
সূত্র: আল-জাজিরা
বাংলাদেশ জার্নাল/এসআইপি










