অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৭:৫৪

গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘আর্মি ওয়্যার মেমোরিয়াল’এর ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য।
ওয়েবসাইটটির বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে নিহত হয়েছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ৬ জন সেনাসদস্য। তারা হলেন, সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুদমুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা যায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।
এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।
দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত ১০ মে পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন, আহত হয়েছে ৫৭ জন এবং নিহত-আহতরা কেউ সন্ত্রাসী নয়।
বাংলাদেশ জার্নাল/সিএম









