বিশ্বকাপ ফুটবল ২০২৬
৪-০ গোলে শেষ হল হাজারতম ম্যাচ, জাপানের কাছে হেরে তিউনিসিয়ার বিদায়
ক্রীড়া প্রতবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৩:৩৯ আপডেট : ২১ জুন ২০২৬, ১৩:৫৯

গোলরক্ষক বদলেছেন নতুন কোচ এহভে হোনাহ, বদলেছেন সেন্টার ব্যাকও। কিন্তু তাতেও রক্ষণভাগের দুর্বলতা কাটাতে পারেনি তিউনিসিয়া। গতিময় ফুটবলে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারিয়েছে জাপান।
বাংলাদেশ সময় রোববার সকালে ‘এফ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একটি করে গোল করেছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
মন্তেরেই স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ শানায় তিউনিসিয়া। হানিবাল মেজব্রির বাঁকানো শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
পরের মিনিটেই এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার কাটব্যাক থেকে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কামাদা। এটি বিশ্বকাপে জাপানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল।
দশম মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল জাপান। আয়াসে উয়েদার শট গোললাইন প্রায় অতিক্রম করেই ফেলেছিল, কিন্তু কয়েক সেন্টিমিটার আগে তা ফিরিয়ে দেন তিউনিসিয়ার গোলরক্ষক।
৩১তম মিনিটে ব্যবধান ২-০ করেন উয়েদা। ডি-বক্সের বাইরে থেকে তার গতিময় আড়াআড়ি শটে বল জড়িয়ে যায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে তৃতীয় গোলটি করে জাপান। উয়েদার রক্ষণচেরা পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে গোল করেন জুনিয়া ইতো।
৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা। কাইশু সানুর কাটব্যাক থেকে দূরের পোস্টে বল পেয়ে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে চার গোল করল জাপান। অন্যদিকে টানা আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তিউনিসিয়া।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাপান। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন। আর দুই ম্যাচে নয় গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
বাংলাদেশ জার্নাল/এনএম










