হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:১৮

হাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সময়ের।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে আট শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা এক হাজার ৯২। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। তাদের মধ্যে ৩৪৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (২২১) ও বরিশাল (১৩৪)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জনের। এ ছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
বাংলাদেশ জার্নাল/সিএম









