ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পরিচয় মিলেছে জামালপুরে সীমান্তের শুন্য রেখায় থাকা বৃদ্ধের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৩:২৬

পরিচয় মিলেছে জামালপুরে সীমান্তের শুন্য রেখায় থাকা বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তের শুন্য রেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন।

ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) নামের ওই ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে।

ওসি বলেন, দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূণ্য রেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকার পর বৃহস্পতিবার সকালে ষষ্টি চন্দ্র বর্মনকে উদ্ধার করে বিজিবি।

তাকে বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ।

পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে বিকাল ৫টার দিকে কাঁটাতারের দুই প্রান্তে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করে।

স্থানীয়দের দাবি ছিল ওই বৃদ্ধ ভারতের চেন্নাইয়ের বাসিন্দা। দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পরে বাংলাদেশি হিসেবে তার পরিচয় নিশ্চিত হয়ে বৃহস্পিতিবার তাকে উদ্ধার করা হয়।

ওসি মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পেয়েছি। তার স্বজনরা এলে যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত