উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:১০ আপডেট : ২১ জুন ২০২৬, ২২:১৪

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রোববার ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মহাসচিব এস এম আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
আবুল কালাম আজাদ জানান, তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। সোমবার অথবা মঙ্গলবার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য ‘অপূরণীয় ক্ষতি’।
শোকবার্তায় তাকে ‘দূরদর্শী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ কণ্ঠস্বর’ হিসেবে স্মরণ করা হয়।
আইবিসিসিআই সভাপতি মো. মশিউর রহমান এক শোকবার্তায় বলেন, “সেলিমা আহমাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
তিনি সেলিমা আহমাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের পরিচিত মুখ ছিলেন সেলিমা আহমাদ। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
ব্যবসায়ী হিসেবে তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন সেলিমা আহমদ।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত হন তিনি।
তিনি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এর আগে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা খাতে অবদান রাখায় ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান।
সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










