লক্ষ্মীপুরে মা-তিন মেয়ের জানাজা সম্পন্ন, লাশ নেওয়া হলো হোমনার গ্রামের বাড়িতে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২১:৪০ আপডেট : ২৬ জুন ২০২৬, ২১:৫১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজার নামাজ হয়েছে। পরে তাদের লাশ দাফনের জন্য কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে জানাজার নামাজ হয় বলে জানান রায়পুর থানার ওসি শাহীন মিয়া।
নিহতরা হলেন- শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (১০)।
পুলিশ জানায়, জানাজায় নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে লাশগুলো কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
ওসি শাহীন মিয়া বলেন, ‘‘চারজনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’’
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়।
তাদের চিৎকার শুনে জানালা দিয়ে বাসায় এক লোককে দেখতে পেয়ে স্থানীয় এক নারী বাহির থেকে বাসার গেইট বন্ধ করে দেন। এতে সেখানে অন্তর মজুমদার নামের এক ফল ব্যবসায়ী ভবনের ভেতরে আটকা পড়েন।
পরে ওই নারী আশাপাশের লোকজনকে ডেকে নিয়ে বাসায় ঢুকে চারজনকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় অন্তর বাসার ছাদে উঠে পার্শ্ববর্তী বাসার ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। পরে তিনিও মারা যান।
বাংলাদেশ জার্নাল/এনএম










