বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন জানালেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৩:৪৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্বকাপ ফুটবল ঘিরে জানালেন নিজের পছন্দের দলের কথা। তবে আর্জেন্টিনা-ব্রাজিল নয়।
সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, "ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম, তবে এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি। কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।"
ফুটবল নিয়ে নিজের উচ্ছ্বাসের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও কাজ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন করতে পছন্দ করেন না বলেই জানান জয়া। তার ভাষায়, কাছের মানুষ ও অনুরাগীদের ভালোবাসাই দিনটিকে বিশেষ করে তোলে।
এদিকে আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'আজও অর্ধাঙ্গিনী'। পরিচালক কৌশিক গাঙ্গুলীর 'অর্ধাঙ্গিনী'র সিক্যুয়েল এই ছবিটি নিয়ে আশাবাদী জয়া। তার মতে, নতুন গল্পে আগের চেয়ে আরও বেশি নাটকীয়তা এবং নতুন কিছু চরিত্র যুক্ত হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










