ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ঋণখেলাপির কারণে শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:৫৩

ঋণখেলাপির কারণে শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারছেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিল করায় ওই আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।

আসলাম চৌধুরীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিরসহ আরও আইনজীবীরা।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৩ জানুয়ারি, যখন রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও একটি ব্যাংক।

শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করলে প্রার্থিতা বহাল থাকে আসলামের। এরপর বিষয়টি হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

হাইকোর্ট প্রার্থিতা বহাল রাখলেও আপিল বিভাগের নির্দেশনায় বলা হয়, আপিল চলমান থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে, তবে ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। সেই অবস্থায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জয়ী হন।

তবে চূড়ান্ত রায়ে আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিল করায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত