ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সব পজিশনেই সেরা মেসি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ০৯:১৫

সব পজিশনেই সেরা মেসি

গত এক বছরে বার্সেলোনার হয়ে মেসির পজিশন বা খেলার জায়গায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ক্ষুদে জাদুকর নিজেই। তবে নতুন পজিশনেও তার কাজ উপরের দিকে খেলা এবং গোল করা। ক্যারিয়ারের শুরুতে ফ্রাঙ্ক রাইকার্ডের সময়ে রাইট উইঙ্গার হিসেবে খেলতেন তিনি। কিন্তু পেপ গার্দিওলা তাকে 'ফলস নাইনে' নিয়ে আসেন। আর তাতেই মেসি হয়ে ওঠেন আজকের মেসি।

লুইস এনরিকে আবার কোচ হয়ে মেসিকে তার প্রথম পজিশন রাইট উইঙ্গারে ফিরিয়ে আনেন। তবে তাকে মাঝমাঠ ধরে খেলার পূর্ণ স্বাধীনতা দেন। চলতি মৌসুমে এরনেস্তো ভালভার্দে ৪-৪-২ ফরমেটে দল সাজিয়েছেন। এতে মেসিকে খেলানো হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে। অর্থাৎ মেসি মাঝমাঠের একধাপ উপরে 'ফাইনাল থার্ডে' খেলছেন। নতুন এই পজিশনেও দারুণ সফল মেসি।

দলে নিজের বর্তমান ভূমিকা নিয়ে আর্জেন্টাইন সুপারস্টার বলেন, 'এর আগে ফাইনাল থার্ডে খেললেও, গত মৌসুম থেকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলছি। এখন এই পজিশনে আমার দায়িত্ব একটু পেছন থেকে খেলে এসে গোল করা। এটা সত্য, আমি কয়েক মিটার পেছনে খেলছি তবে এখানেও আমার কাজ হলো ওপরের দিকে খেলা এবং যতসম্ভব বেশি গোল করা।'

নতুন নতুন কোচ, নতুন নতুন পজিশন। তবে মেসির খেলায় পড়েনি কোনো বিরূপ প্রভাব। যে কোনো পজিশনে মানিয়ে নিতে তিনি অনন্য। এ বিষয়ে মেসির সাবেক কোচ এনরিকে বলেন, 'মেসি যে পজিশনেই খেলুক সেই বিশ্বের সেরা ফুটবলার হবে। সে চাইলে স্বাধীনভাবে যে কোনো জায়গায় খেলতে পারে। সে যদি ৯ কিংবা ৮ নম্বর জার্সি পরেও খেলে তবে সে বিশ্বের সেরা ৯ কিংবা ৮ নম্বর জার্সির খেলোয়াড় হবে। আমার মতে সে সর্বকালের সেরাদের একজন।'

এসএস

  • সর্বশেষ
  • পঠিত