ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:৫৩  
আপডেট :
 ১৪ জুন ২০২৬, ১৯:০১

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের ৬ উইকেটে হারিয়েছে বাঘিনীরা।

রোববার (১৪ জুন) বার্মিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথম ওভারে ভালো শুরু পেলেও ডাচরা দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লেতে হারায় আরও একটি উইকেট। হিদার সিগার্স ১৩ বলে ১৬ ও ফেবে মোলকেনবার ৭ বলে ১১ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড।

দেখেশুনে খেলে তিনি তুলে নেন অর্ধশতক। যদিও অন্য ব্যাটারদের চাপে রেখেছিলেন বাঘিনীরা। আর কেউই যেখানে বিশের ঘরে যেতে পারেননি, সেখানে অধিনায়ক একাই ৪৫ বলে পাঁচটি চারে ৫০ রান করেন। তা সত্ত্বেও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ জড়ো করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান জড়ো করে বাংলাদেশ। এই ৬৭ রানের ৫০ রানই ছিল জুয়াইরিইয়া ফেরদৌসের। মাত্র ৩৩ বলে ৫০ রান করেন, হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা। ছক্কায় অর্ধশতক হাঁকানোর পরপরই বিদায় নেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিজে নেমেই গোল্ডেন ডাকের শিকার হন।

৮ম ওভারে পরপর দুই উইকেট হারানো বাংলাদেশ ১১তম ওভারে দিলারা আক্তার (২৩ বলে ২৬) ও সোবহানা মোস্তারিকেও হারায়।

তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার ঠাণ্ডা মাথায় চাপ জয় করেন। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫টি করে বল ও উইকেট হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৫৬ রানের।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত