ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৫:৩০

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১০ সালে সবশেষ ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। তাতে প্রায় ১৭ বছর পর ইংলিশদের মাটিতে সাদা পোশাকে খেলতে যাচ্ছে টাইগাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) বাইরে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের দল। তবে ম্যাচের সম্ভাব্য সময় জানা গেলেও ভেন্যু নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ওপর। তবে লডর্স বা ওভালেই একমাত্র টেস্টটি আয়োজনের সম্ভাবনা বেশি।

সম্প্রতি লর্ডসের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১১৫ রানের জয় চার দিনে শেষ হলেও ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৬৬ ওভার। বোলিং সহায়ক উইকেট নিয়ে সমালোচনার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইসিবি।

যদি ডব্লিউটিসি ফাইনাল লর্ডসে না হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি সেখানেই আয়োজন করা হতে পারে। তবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে, উত্তর ইংল্যান্ডে কোনো টেস্ট ম্যাচই থাকবে না।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এরপর মার্চে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট খেলবে ইংলিশরা। মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা।

২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা নয়টি টেস্ট খেলবে ইংল্যান্ড। যা অ্যাশেজের আগে বেন স্টোকসদের জন্য লাল বলের প্রস্তুতির সুযোগ তৈরি করবে। সবশেষ অ্যাশেজের আগেও তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে নিজেদের প্রস্তুত করেছিল।

এদিকে, ইংল্যান্ডের মাটিতে সবশেষ ২০১০ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। সেই সফরে ফাইফার পেয়েছিলেন সাকিবও। এছাড়া ২০১০ সালের ইংল্যান্ড সফরের স্কোয়াডের কেবল মুশফিকুর রহিম বর্তমানে টেস্ট দলে খেলছেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত