ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

৪ জঙ্গি ধরা, দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১৭:০৯

৪ জঙ্গি ধরা, দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

বগুড়ায় জামাত-উল মুজাহিদীল বাংলাদেশ, নব্য জেএমবি’র মিডিয়া শাখার প্রধানসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার চন্ডীহারা এলাকায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।

গ্রেপ্তার চারজন হলেন- জাকারিয়া জামিল (৩১), মোঃ তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), মোঃ আতিকুর রহমান (২৮) ও মোঃ আবু সাঈদ (৩২)।

পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (জিআইজি) মোঃ আব্দুল বাতেন শনিবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডিআইজি আব্দুল বাতেন জানান, ৪ জঙ্গি তাদের পরবর্তী সাংগঠনিক তৎপরতা নির্ধারণে সমবেত হয়েছিল। গোপনে খবর পেয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১ কেজি বিস্ফোরক দ্রব্য (পটশিয়াম ক্লোরেট), ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, ৩টি বার্মিজ চাকু, ১টি চাপাতি ও ৪টি ব্যাটারিসহ বেশকিছু তার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নব্য জেএমবি’র সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উদ্ধার করা বিস্ফোরক দিয়ে ৫০টি বোমা তৈরি করা সম্ভব।

তিনি আরও জানান, ৪ জঙ্গির মধ্যে জাকারিয়া জামিল নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর থানার জগতপোড়া এলাকার খন্দকার গোলাম সারোয়ারের ছেলে। ঢাকার শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজারে বসবাস করতো। তিনি অনলাইনে আরবিতে প্রকাশিত জঙ্গিবাদ সংক্রান্ত সব প্রকাশনা বাংলায় অনুবাদ করে প্রচার করতো। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ছাত্র। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার তরশ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তানভীর নব্য জেএমবির আইটি শাখার সদস্য ছিল। তবে সে ঢাকার খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বসবাস করতো। এ বছরের জানুয়ারি মাসে ঢাকার আশুলিয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রোন তৈরির সামগ্রীসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সে পলাতক ছিল।

অপর দুই জঙ্গির মধ্যে ময়মনসিংহ জেলার চকশ্যামরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। নব্য জেএমবির নতুন এই সদস্য অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করতো। একই এলাকার আব্দুল হাকিমের ছেল আবু সাঈদও সংগঠনের নতুন সদস্য। সে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ডিআইজি মোঃ আব্দুল বাতেন আরও বলেন, চার জঙ্গির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত