দিনাজপুরের রেলবাজার হাটে সরকারি জায়গায় হচ্ছে দোকান-ঘর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৯:০৭

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রেলবাজার হাটের সরকারি জমি দখল করে দোকান তৈরির হিড়িক চলছে।
রেলবাজার হাটের ইজারাদারকে মোটা অংকের উৎকোচ প্রদান করলেই হাটের জমিতে ইচ্ছামতো বিল্ডিং তৈরি করে দোকান ঘর নির্মাণ করা যায়। একই রেলবাজার হাটে এর আগেও একাধিক সরকারি জায়গা দখল করে বিল্ডিং তৈরি করা হয়েছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে।
দিনাজপুর রেলবাজার হাটের চালহাটি ঘুরে দেখা গিয়েছে, চাল ব্যবসায়ী সঞ্জিত রায় সম্প্রতি ২ লক্ষাধিক টাকা ইজারাদারকে উৎকোচ প্রদান করে একটি বিল্ডিং ঘর তৈরি করছেন।
এই বিল্ডিং ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই বিল্ডিং ঘর নির্মাণাধীন হওয়ায় সে পাশেই চালের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
অতি সম্প্রতি এ বিল্ডিং ঘরটি তৈরি করা হয়েছে। এখনো বিল্ডিংয়ের ছাদ কমপ্লিট না হওয়ায় বিল্ডিং ঘরের টিন লাগানো সম্ভব হয়নি।
রেল বাজারের চাল ব্যবসায়ী সঞ্জিত রায়ের সাথে কথা বলে জানা যায়, তিনি রেলবাজার হাট ইজারাদারের মাধ্যমে ঘর তৈরির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই বিল্ডিং ঘরের কাঠামো তৈরি হয়ে গিয়েছে। দুই চার দিনের মধ্যেই টিন লাগানো হবে। এরপর এই দোকানটি একেবারেই তার ব্যক্তিগত হয়ে যাবে বলে মনে করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রেল বাজার হাটে চালের ব্যবসা করে আসছি। তাই যে স্থানে দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছি। সেই স্থানে পাকা ঘর তৈরি করেছি। অনুমতি নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) যদি তাদের জমি হয়ে থাকে তাহলে জমি নিতে পারেন। হাট ইজারাদারদের মাধ্যমেই বিল্ডিং তৈরির অনুমতি নেয়া হয়েছে। তাই আমি বিল্ডিং ঘর তৈরি করেছি, ভূমি অফিসের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না।
হাট ইজারাদার ফয়সাল মাসুদ ও তার পার্টনার তাজু আলী রেলবাজারের বেশ কয়েকটি জায়গা উৎকচ গ্রহণ করে সরকারি জায়গায় বিল্ডিং ঘর তৈরির অনুমতি প্রদান করেছেন এমন বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে অনুসন্ধানী রিপোর্ট করতে গেলে রেলবাজার হাটের কালেকশন আদায়কারী ফয়সাল মাসুদ, তাজু আলী, রুবেল, মিন্টু, সঞ্জীব, রবিসহ বেশ কয়েকজন সংবাদকর্মীর উপর চড়াও হয় এবং উচ্চ গলায় বলে প্রশাসন এসে যদি ঘর ভেঙ্গে দেয় দিক। আপনারা কে? অন্য মানুষ সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করলে নিউজ হয় না। এখানে একটি ঘর তৈরি করার বিষয় নিয়ে কে আপনাদের কে অভিযোগ করেছে? এখান থেকে দ্রুত চলে যান আমরা হাট ইজারা নিয়েছি। এটা আমরাই দেখব এমন হুমকি ধামকি সহ উচ্চবাচ্য প্রদান করে সংবাদ কর্মীদের প্রতি।
রেলবাজার হাটের জায়গা দখল করাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের এক পর্যায়ে হাটের ইজারাদার ফয়সাল মাসুদ পার্টনার তাজু আলি, রুবেল, মিন্টু, রবি, সঞ্জিত সহ অনেকেই অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভিডিও ধারণ করার সময় ক্যামেরার উপরে হামলা করে।
এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, দিনাজপুর পৌরসভা রেলবাজার হাটের নির্দিষ্ট ইজারাদার না পাওয়ায় পৌরসভা বাজার শাখার কর্মকর্তাসহ স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে খাস কালেকশন করা হচ্ছে। তবে রেল বাজার হাটের জায়গায় কেউ কোনো বিল্ডিং তৈরি করতে পারবে না। যদি কেউ বিল্ডিং তৈরি করে তাহলে দিনাজপুর পৌরসভা দ্রুত অভিযান চালিয়ে নির্মাণকৃত বিল্ডিং ভেঙে দিবে।
দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুর রহিম মোবাইল ফোনে জানান, দিনাজপুর রেল বাজারে যদি সরকারি জায়গায় কেউ দখল করে বিল্ডিং তৈরি করে, তাহলে আইন অনুযায়ী বিল্ডিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এবং নির্মাণাধীন বিল্ডিং দ্রুত গুঁড়িয়ে দেয়া হবে। সংবাদকর্মীর অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও বলেন, স্থানীয় তোহশীলদারের মাধ্যমে রেলবাজার হাটের জায়গা দখল করে বিল্ডিং তৈরির বিষয়টির সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি










