ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩:০১  
আপডেট :
 ০১ জুলাই ২০২৬, ১৩:০৭

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক স্কুল শিক্ষকের বাড়ির গেটে চিরকুট এবং হাতবোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) সকালে সেগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানিয়েছেন গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুল শিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দুর্বৃত্তরা।সেটি উদ্ধার করা হয়েছে।

ফেলে রেখে যাওয়া চিরকুটে লেখা আছে- "দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ, পানি নামতে না দিলে বোম মেড়ে মেরে ফেলব, দোল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শন"।

গত কয়েক মাসের মধ্যে গাংনী উপজেলার পৃথক ঘটনায় আটটি স্থান থেকে প্রায় ২০টি বোমা ও হুমকী সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত