ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:৫৪

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
ছবি: সংগৃহীত

তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় আসছে। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এটি। নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২রা আগস্ট থেকে সিরিজটি সম্প্রচারিত হতে যাচ্ছে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আগামী ২রা আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮:০০ টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এ সিরিজ।

‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’-এর গল্প আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, "সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বঙ্গ সব সময়ই আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের সকল দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।"

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, "নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি। বঙ্গ-এর সাথে এই পার্টনারশিপ আমাদের বিনোদন জগতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়। এছাড়া র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। যেখানে তিন ভাগ্যবান বিজয়ীর হাতে উপহার হিসেবে এসি, টিভি এবং স্মার্টফোন তুলে দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত