ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরার বাসের চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩:৫৮  
আপডেট :
 ০১ জুলাই ২০২৬, ১৪:০৮

সাতক্ষীরার বাসের চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় এক স্কুলছাত্রের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

বুধবার (১ জুলাই) সকালে শাহাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে তালা থানার এসআই তৌহিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত ১৩ বছর বয়সী কুশল সরদার নলতা গ্রামের বাসিন্দা ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে। সে ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর বলছেন, “সকালে মোটরসাইকেলে করে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন কানাই লাল সরদার। পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

“এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছেলে কুশল। গুরুতর আহত হন কানাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

কানাই লাল সরদার বলেন, “সকালে ছেলের স্কুলের পরীক্ষা ছিল। তাই অন্য দিনের তুলনায় কিছুটা আগেই তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম।

“ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমার নিজেরও কর্মস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই যে ছেলেকে হারাতে হবে তা কোনোদিন কল্পনাও করিনি।”

বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে এসআই তৌহিদুল জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত