কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:১০ আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:২৫

নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বর-কনেসহ অন্তত ১২জন।
শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ।
আহতদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।
সেই বিয়েতে বরযাত্রী হিসেবে বরসহ ১৪ জন মেয়ের বাড়িতে এসেছিলেন। পরে বিয়ে শেষে কনেকে নিয়ে ১৬ জন মাইক্রোবাসে বরের বাড়ির উদ্দেশে রওয়ানা হন।
ওসি মোহাম্মদ আব্দুল গফুর বলেন, রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময়ে অন্তত ১৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। দুইজনের মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগায় হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে।
এছাড়া বর-কনেসহ গুরুতর আহত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ চিকিৎসক।
ওসি মোহাম্মদ আব্দুল গফুর বলেন, শনিবার সকালে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










