ঢাকা, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টিতে ঢাবিতে জলাবদ্ধতা, ক্লাস বাতিল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৮:১৫

বৃষ্টিতে ঢাবিতে জলাবদ্ধতা, ক্লাস বাতিল

ভারি বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়েছে। শনিবার রাতে থেকে শুরু হয় ভারি বৃষ্টি ফলে রোববার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত এলাকা, পলাশীর মোড়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত-মৈত্রী ও শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধ অবস্থা দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা বের হতে পারছিলেন না।

কুয়েত-মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী ফারহানা রহমান গণমাধ্যমকে বলেন,সকাল থেকে ভারি বৃষ্টিতে একদম পানিতে টইটুম্বুর অবস্থা। এখন দুপুর, তারপরও বের হতে পারছি না একদম। এরকম বৃষ্টি হলে আমাদেরকে পানিবন্দি অবস্থায় থাকতে হয়। অনেকের পরীক্ষা থাকে, মানে জীবন একদম দুর্বিষহ। তাও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই প্রশাসনের।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা রহমান নদী বলেন, পাশে মৈত্রী হলও আছে মেয়েদের। এই দুই হলের মেয়েরা, আমরা সবদিক থেকেই সারাবছর বঞ্চিত থাকি তবুও কিছু মনে হয় না। কিন্তু যখনই বৃষ্টির সময় এভাবে হল ডুবে আমরা পানিবন্দি হয়ে থাকি কি যে অসহায় লাগে।

ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা, উদ্ভিদবিজ্ঞানসহ কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত