ঢাকা, রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

দুই মাসের সফরে ইউরোপ যাচ্ছেন নগরবাউল জেমস

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:১৯

দুই মাসের সফরে ইউরোপ যাচ্ছেন নগরবাউল জেমস
নগরবাউল জেমস। ছবি: সংগৃহীত

নগরবাউল জেমস। নাম শুনলেই শুরু হয় হৃদয়ে সুরের ঝঙ্কার। নিজে আপাতত এখন কোনো মৌলিক গান না করলেও মঞ্চ মাতাতে এখনো তিনি অপ্রতিদ্বন্দ্বী। সেই মঞ্চ মাতাতেই তিনি উড়াল দিচ্ছেন সদূর ইউরোপ। সেখানে দীর্ঘ দুই মাস থাকবেন তিনি। শোনাবেন ইউরোপের কয়েকটি দেশে তার গান।

ইউরোপ সফরের ঘোষণা আগেই দেওয়া হলেও এত দিন বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি। এবার নিজের ফেসবুক পেজে ট্যুরের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ করেছেন জেমস, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে এই সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ আগস্ট সাইপ্রাসে, ১৬ আগস্ট ইতালির রোমে, ২২ আগস্ট ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তিনি

বিদেশে বসবাসরত বাংলা গানের শ্রোতাদের জন্য এই আয়োজন বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছে আয়োজকরা। এর আগে যুক্তরাষ্ট্র সফরেও জেমস ও তার ব্যান্ড সফলভাবে একাধিক কনসার্ট সম্পন্ন করেছিল।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’

দীর্ঘ সংগীতজীবনে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চ মাতিয়েছেন জেমস। তার জনপ্রিয় গান ও অনন্য পরিবেশনা আজও ভক্তদের কাছে সমানভাবে সমাদৃত।

এর আগে আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩-এ ১০টি কনসার্ট করতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দর্শক-শ্রোতার বিপুল আগ্রহের সুবাদে ফিরেছিলেন ২৫টি কনসার্ট করে। ফলে ইউরোপেও এমনটা ঘটতে পারে বলে অনুমান করছেন তার ভক্তরা।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত