ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শাড়ি প্রতারণা মামলার ইস্যুতে তানজিন তিশা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৬:৪৬

শাড়ি প্রতারণা মামলার ইস্যুতে তানজিন তিশা
ছবি: সংগৃহীত

ফের শাড়ি প্রতারণা মামলার ইস্যুতে আলোচনার কেন্দ্রে তানজিন তিশা। গত বছরের একটি অনলাইন ফ্যাশন পেজের ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির প্রচারণা এবং তার মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিশার বিরুদ্ধে মামলা করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। সেটার সূত্রেই ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিয়ে তিশা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাবো। আমারও ইচ্ছে হয়েছিল আমার সাথে কী ঘটেছে আমি কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো এবং আমার আইনজীবী আছে, আইনিভাবে মোকাবিলা করবো।’

দীর্ঘ ক্যারিয়ারের সততা নিয়ে প্রশ্ন তোলায় তিশা বলেন, ‘মডেলিং, নাটক সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর কাজ করছি। যেদিন প্রথম সিনেমার (সোলজার) শুটিং করি পরদিন লিগ্যাল নোটিস আসে। এর কদিন পর মামলা হয়। আমি মনে করি, কেউ যদি উপরে উঠতে থাকে তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। ১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইনের শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য?’

এই তারকা আরও বলেন, ‘আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত