বিএনপি নেতা খোকনকে র্যাব আটক করেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ০০:৪৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০০:৪৯

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র্যাব ৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দিবাগত রাত ১২টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, রাজধানীর রমনা হোটেলে এলাকার নেতাকর্মীরা আনিসুর রহমান তালুকদার খোকনের সাথে দেখা করতে গিয়েছিলেন। আনিসুর রহমান তালুকদার খোকন যখন হোটেলে দেখা করছেন, এরই মধ্যে র্যাব ৩-এর কয়েকটি গাড়ি রমনা হোটেল ঘিরে রাখে।
এরপর বিভিন্ন রুমে র্যাব হানা দিয়ে খোকনকে নামিয়ে নিয়ে আসে। পরে একটি হাইছ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গোটা জাতির প্রতি এ ধরণের ঘটনা শেখ হাসিনার শাসনামলের দৃষ্টান্ত- বলেন তিনি।
তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) নাকি দেশে উন্নয়ণ করেছেন। উনি নাকি শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। উনি গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছেন।
বিএনপির মুখপাত্র আনিসুর রহমান তালুকদারকে র্যাব কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে তাকে জনসম্মুখে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
বিএনপির এই নেতা বলেন, কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে নিয়ে আনিসুর রহমানকে গুম করা হয়েছিল। গুমের নামে তার উপর কত নির্যাতনই না করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা মুশকিল।
বাকস্বাধীনতা লুণ্ঠনের এই দেশে, মৌলিক মানবাধিকার চুড়ান্তভাবে স্তব্ধ করার এই দেশে স্বাভাবিক জীবন যাপন করার অধিকার নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
গুম ও অপহরন এদেশে মৃত্যু ভয় বিরোধী দলের নেতাকর্মীদেরকে তাড়া করে ফিরছে বলেও মন্তব্য করেন তিনি।










