জলাবদ্ধতার কারণে নিউমার্কেটের দোকানপাট বন্ধ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৬:৫৫

প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বন্ধ আছে দোকানপাটের বিদ্যুৎ–সংযোগও।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।
তিনি বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে।
ফিরোজ উল ইসলাম আরও জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে রাজধানীবাসীকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
এদিকে আজ সকালের দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও, বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ ঘুরে দেখা গেছে, সেখানে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আবার কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










