ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় আশা জাগাচ্ছে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান ব্রি-৮১

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:০৯

বগুড়ায় আশা জাগাচ্ছে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান ব্রি-৮১

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুনজাতের ধান নিয়ে আসছে। উচ্চ ফলনশীল নতুনজাতের ব্রি-৮১ ধানের পরীক্ষামুলক ধান চাষের পর বীজ তৈরি করা হচ্ছে বগুড়ার কাহালু উপজেলায়। এই বীজ এখন জেলার চাষিদের মাঝে বিতরণ করা হবে। আগামী মৌসুমে চাষিরা এই বীজ রোপণ করে ফলন পাবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, ইরান থেকে সংগ্রহ করা আমল-৩ এর সাথে ব্রি ধান ২৮ এর সংকরায়ন করে বংশানুক্রম সিলেকশন এবং পরবর্তীতে শীষ থেকে সারি পদ্ধতির মাধ্যমে এ জাতটি উদ্ভাবন করা হয়। জাতটি বোরো মৌসুমি আবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০১৭ সালে ছাড়করণ হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নব-উদ্ভাবিত ব্রি ধান ৮১ জাতের পাঁচ কেজি প্রজনন বীজ পাওয়া যায়। উচ্চ প্রোটিন সমৃদ্ধ জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। চালের আকার-আকৃতি বাসমতীর মত লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানি যোগ্য। জাতটি দেশীয় বাজারে জিরা ধানের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে।

এ জাতটি'র জীবনকাল ১’শ ৪০ দিন হতে ১’শ ৪৫ দিন। হেক্টর প্রতি ফলন ৫ মেট্রিক টন হতে ৬ মেট্রিক টন। দেশের ৫টি জেলার মধ্যে বগুড়া জেলার কাহালু উপজেলায় ব্রি ধান ৮১ এর চাষ হয়েছে। উপজেলার শেখাহারে ১৪ শতক জমিতে পাইলট প্রকল্পের আওতায় ধান চাষ করে ৫ মন ধানবীজ পাওয়া গেছে। কাহালু থেকে পাওয়া বীজ বগুড়ার সকল উপজেলায় প্রদর্শনী প্লট আকারে চাষ হবে। পরবর্তীতে উৎপাদিত বীজ ব্যাপক আকারে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

ব্রি ধান ৮১ এর বীজ বপনের উপযুক্ত সময় ১৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর। চারার বয়স ৩৫ দিন হতে ৪০ দিন। বীজ উৎপাদনের জন্য প্রতি গুছিতে একটি চারা। রোপণ দূরত্ব ২৫ সেমি গুণ ১৫ সেমি। মাঝারি উঁচু থেকে উঁচু জমি এ থান চাষের উপযুক্ত। তবে ধানের উচ্চতা খাটো বিধায় নিচু জমিতেও চাষ করা যেতে পারে। বিঘা প্রতি ব্রি ধান ৮১ চাষ করতে ৩০ কেজি ইউরিয়া, ১৩ কেজি টিএসপি, ২০ কেজি এমওপি, ১৫ কেজি জিপসাম ও ১.৫ দস্তা সার প্রয়োজন। ব্রি ধান-৮১ কাটার উপযুক্ত সময় ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিল। চালে অ্যামাইলোজের পরিমাণ ২৬.৫ শতাংশ, চালে প্রোটিনের পরিমাণ ১০.৩ শতাংশ।

বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান জানান, ব্রি ধান ৮১ এর চাষে সফলতা পাওয়া গেছে। ব্রি-৮১ জাতের ধানটি উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল জাতের এ ধান প্রথমবারের মত দেশের মাত্র ৫টি উপজেলায় চাষ হয়েছে। বগুড়া জেলার কাহালু উপজেলাসহ ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, যশোর জেলায় প্রথম শুরু হয়েছে ব্রি ধান-৮১ এর চাষ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, ব্রি ধান ৮১ নতুনজাত ধানটি ১৪ শতক জমিতে পাইলট প্রকল্পের আওতায় চাষ করা হয়েছে বীজের জন্য। চাষকৃত ধানের ভাল ফলন পাওয়া গেছে। এটি বীজ আকারে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত