জুলাই মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম
জার্নাল ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:৪৬

জুলাই মাসের জন্য দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এসংক্রান্ত আদেশ জারি করেছে।
মঙ্গলবার (৩০ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে জুলাই মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা জুলাই মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার জুলাই মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ জুলাই থেকেও বলবৎ থাকবে।
জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭২ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।
জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিত সমন্বয় করত বিপিসি।
এখন বিইআরসি প্রতিমাসে করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বাংলাদেশ জার্নাল/জে










