অসুস্থ মুস্তাফা মনোয়ার, পাশে দাঁড়ালেন সংস্কৃতি মন্ত্রণালয়
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৯:১৯ আপডেট : ২২ জুন ২০২৬, ২১:০১

দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শিল্পীর চিকিৎসার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার চেক।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।
সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর পরিবারের হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যেসব গুণীজন অসামান্য অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। একই সঙ্গে তারা বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন।
গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মুস্তাফা মনোয়ার। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










