ফের একসাথে কণ্ঠ দিলেন ন্যানসি ও ইমরান
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:০২ আপডেট : ৩০ জুন ২০২৬, ১৮:১০

দীর্ঘদিন পর ফের একসাথে গান নিয়ে হাজির হচ্ছেন নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল।
কামরুজ্জামান রোমানের ‘শিকার’ ছবিতে গেয়েছেন তারা। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজনে ইমরান। রবিবার রোম্যান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যানসি। বললেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’
অন্যদিকে ইমরানের মতে, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যানসি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।
‘শিকার’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলার ঘরানার ছবিটির শুটিংয়ের জন্য এ সপ্তাহে নেপালে যাবে টিম, সেখানেই হবে ছবির পুরো শুটিং। ছবিতে অপু ও পলাশের সঙ্গে অভিনয় করবেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










