ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সেনা নিহতের পর ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র

  রয়টার্স

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৬  
আপডেট :
 ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০

সেনা নিহতের পর ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে এই হামলা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্রে শনিবার সন্ধ্যায় এই হামলা শুরু হয়।

এর আগে এক বিবৃতিতে জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছিল সেন্টকম।

হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সংঘাত বাড়িয়ে তোলার চেষ্টা করলে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিটগুলোকে দ্রুত শাস্তি দিতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।

ইরানের মেহের নিউজ জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানায়, শুক্রবার জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। এ ছাড়া তৃতীয় একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪২০ জনের বেশি সেনাসদস্য।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বীরদের প্রতি শ্রদ্ধা রইল। তাঁদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”

এক মাস আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেঙে যায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা জোরদার করেছে। এতে দুই দেশের মধ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বেড়েছে।

ইরানের বিভিন্ন সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য অবকাঠামোতে মার্কিন হামলার পর শনিবার পাল্টা জবাব দেয় তেহরান। ধারণা করা হচ্ছে, তারা জর্ডানের পাশাপাশি সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদেশগুলো লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, অন্তর্বর্তী চুক্তি বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে ট্রাম্পের স্বাক্ষরের “কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন শত্রুরা এখন সংঘাত বাড়িয়ে তুলতে চাইছে। এর ফলে তাদের আরও চড়া মূল্য দিতে হবে এবং আরও বেশি অপমানিত হতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “ইরানের বীর জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট এমন এক জবাব দিতে পারে, যা তারা ভুলতে পারবে না।”

তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত