ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পাওনা টাকা ফেরতের ডাকে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২২

পাওনা টাকা ফেরতের ডাকে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

নিহত আলিনুর ফকির (৩০) উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের ভাই আমিনুর ফকির বলেন, ‘‘একই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ গত ১৫ রমজান আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন ঘুরিয়েও সে টাকা পরিশোধ করছিল না।’’

এক পর্যায়ে শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে দুই ভাই আমিনুর ও আলিনুরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেয় রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন।

আমিনুর বলেন, “আমরা সেখানে গেলে হঠাৎ করে আক্রমণাক্ত হয়ে উঠে রাজিব শেখসহ তার পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই তারা আলিনুরকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।”

পরে স্থানীয়রাসহ আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত