মেসি–ইয়ামালদের ফাইনাল দেখতে টিকিটের আকাশছোঁয়া দাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৩২

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ সময়েও কিছু টিকিট পাওয়া গেছে। তবে সেগুলোর জন্য গুনতে হয়েছে চড়া মূল্য। তবু এমন ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পেতে বিপুল অর্থ ব্যয় করতেও প্রস্তুত ছিলেন অনেক ফুটবলপ্রেমী। শেষ মুহূর্তে টিকিট পেয়েও তাই অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
ফিফার অফিসিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। দুপুরের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়।
এরপর যেসব টিকিট পাওয়া গেছে, সেগুলোর সর্বনিম্ন মূল্য ছিল ১০ হাজার মার্কিন ডলার এবং সর্বোচ্চ মূল্য পৌঁছায় ৬০ হাজার মার্কিন ডলারে।
আপার ডেকের কোণার দিকের আসনের টিকিটের দাম ছিল প্রায় ১০ হাজার মার্কিন ডলার। মাঠের আরও কাছ থেকে খেলা দেখতে হলে খরচ করতে হয়েছে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার। আর বিশেষ আতিথেয়তা সুবিধাসহ আসনের মূল্য ছিল সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার।
সিটগিক এবং স্টাবহাবের মতো অন্যান্য টিকিট বিক্রির প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয়েছে। লোয়ার বোলের কিছু আসনের মূল্য ছিল প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার।
বিশ্বকাপে লিওনেল মেসির সম্ভাব্য শেষ উপস্থিতি কিংবা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেক সমর্থক। তাই এই বিপুল অর্থ ব্যয়েও তাদের আগ্রহে ভাটা পড়েনি।
আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামছে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দেশ পরপর দুটি বিশ্বকাপ জিততে পারেনি।
অন্যদিকে স্পেনের লক্ষ্য ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০১০ সালে প্রথম ও একমাত্রবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এখন পর্যন্ত আটটি গোল ও চারটি গোলে সহায়তা করা লিওনেল মেসি খেলতে নামছেন নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে। সবকিছু পরিকল্পনামতো হলে তিনিই হবেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি তিনটি ফাইনালে শুরুর একাদশে খেলবেন।
এ ছাড়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের লড়াইয়েও রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
বাংলাদেশ জার্নাল/এনএম










