ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:৩৪

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল

পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও শনিবার (২৩ মে) ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি কোন সময়ের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার ঘটনার বিষয়ে আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, ‘আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।

ভিডিওতে দেখা যায়, একটি পার্কে আকতার দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার ওপর ডিম নিক্ষেপ করেন। পরে আরও দুই যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আকতার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান।

পর্তুগালপ্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে পর্তুগালে গিয়েছেন এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেন। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা তার ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে আকতার হোসেনের ফেসবুক ম্যাসেঞ্জারে প্রথম আলোর এই প্রতিবেদক একটি খুদে বার্তা পাঠান। তবে তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পর্তুগালের ছাত্রলীগ নেতাদেরও বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতারের ওপর হামলা চালিয়েছেন।

এ ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে একটা বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার পর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত