ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

তিন দেশে একসঙ্গে বিশ্বকাপ উদ্বোধন, আন্তর্জাতিক তারকায় ভরপুর মহাযাত্রা

  জার্নাল ডেক্স

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৭:৪৪

তিন দেশে একসঙ্গে বিশ্বকাপ উদ্বোধন, আন্তর্জাতিক তারকায় ভরপুর মহাযাত্রা
ছবি: বিডিজে সম্পাদিত

বিশ্বকাপের ইতিহাসে ট্রফি একটি, আয়োজকও একটি দেশ এবং উদ্বোধনী অনুষ্ঠানও ছিল একক আয়োজন। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র সিউলে। কিন্তু এবার সেই ধারায় সম্পূর্ণ পরিবর্তন এসেছে।

এবার বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ফলে এবার তিনটি দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস—এই তিন শহরেই আলাদা করে উদযাপিত হবে উদ্বোধন।

তবে একই সময়ে নয়, ভিন্ন ভিন্ন সময়সূচিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানগুলো। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায় এবং প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

কানাডার টরন্টোতে উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল রাতে। সেখানে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে এবং রাত একটায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় এবং সকাল সাতটায় স্বাগতিক দল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আগে তেমন বৈশ্বিক আগ্রহ না থাকলেও ২০১০ সালে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পারফরম্যান্সের পর থেকে এই আয়োজন বিশ্বজুড়ে আলাদা জনপ্রিয়তা পায়। তার আগে ১৯৯৪ সালে ডায়ানা রসের পেনাল্টি কিক পারফরম্যান্সও আলোড়ন তুলেছিল।

এবারের আসরেও শাকিরা থাকছেন, সঙ্গে থাকবেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। মেক্সিকো সিটির অনুষ্ঠানে ‘ডাই ডাই (লেটস গো)’ নামের অফিশিয়াল গান পরিবেশন করবেন তারা।

মেক্সিকো সিটির অনুষ্ঠানে আরও থাকবেন বিভিন্ন আন্তর্জাতিক শিল্পী—আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানা। দক্ষিণ আফ্রিকান শিল্পী টাইলাওও অংশ নেবেন।

টরন্টোতে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা। লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে থাকবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলারসহ বিশ্বখ্যাত তারকারা।

আয়োজকরা জানিয়েছেন, মেক্সিকো সিটির অনুষ্ঠানের স্থায়িত্ব থাকবে প্রায় ১৬ থেকে ১৭ মিনিট, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে তা হবে প্রায় ১৩ মিনিট করে। তিনটি অনুষ্ঠানেই ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে আয়োজক দেশের ঐতিহ্য তুলে ধরা হবে।

মেক্সিকো সিটিতে আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হবে। কানাডায় থাকবে গণনা অনুষ্ঠান ও জাতীয় ইতিহাসের উপস্থাপন। যুক্তরাষ্ট্রে থাকবে বড় আকারের ভিজ্যুয়াল ও গল্পনির্ভর মঞ্চায়ন।

আয়োজক কমিটির প্রধান মার্কো বালিচ জানান, তিনটি অনুষ্ঠান আলাদা হলেও মূল বার্তা এক—ফুটবলের মাধ্যমে মানুষের ভেদাভেদ ভুলে একসাথে যুক্ত হওয়ার শক্তি উদযাপন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত