ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মেসিকে শ্রদ্ধা, আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন সুইসদের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৮:৫৪

মেসিকে শ্রদ্ধা, আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন সুইসদের
ছবি: সংগৃহীত

বড় ম্যাচের আগে প্রতিপক্ষের প্রশংসা নতুন কিছু নয়। তবে সেই প্রশংসার আড়ালেও থাকে পরিকল্পনা ও আত্মবিশ্বাসের ছাপ। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সুইজারল্যান্ড দলের অবস্থাও অনেকটা তেমনই।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেও সুইস খেলোয়াড়রা মনে করছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর পথ তাঁরা খুঁজে পেয়েছেন।

সুইজারল্যান্ডের মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল এবং মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে উল্লেখ করেছেন। তবে মাঠের লড়াইয়ে মেসিকে থামানোর মতো সামর্থ্য ও যোগ্য খেলোয়াড় তাঁদের দলে রয়েছে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে জাকারিয়া বলেন, “ওদের হারাতে চাইলে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সব সময়ই কঠিন। কিন্তু আমি মনে করি, সেটা করার মতো মান ও খেলোয়াড় আমাদের আছে।”

এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেওয়া দলটি এখানেই থেমে থাকতে চায় না বলে জানিয়েছেন ২৯ বছর বয়সী জাকারিয়া।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করেছেন মেসি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তিনি। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ম্যাচের শেষ ১১ মিনিট আগেও ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়।

মেসিকে থামানোর পরিকল্পনা নিয়ে জাকারিয়া বলেন, মাঠে তাঁর চলাফেরার স্বাধীনতাই তাঁকে আরও ভয়ংকর করে তোলে। তবে শুধু মেসিকে আটকানোর পরিকল্পনা করলেই হবে না, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি।

জাকারিয়া বলেন, “আমরা জানি, মেসি বিশ্বের সেরা বা সেরাদের একজন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা শুধু মেসির দল নয়। অন্য খেলোয়াড়েরাও ভালো। তাই শুধু মেসিকে নিয়ে ভাবলে হবে না।”

সুইজারল্যান্ডের ফরোয়ার্ড জেকি আমদুনিও একই ধরনের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘‘আর্জেন্টিনার খেলা বিশ্লেষণ করে তাঁদের কিছু দুর্বলতা খুঁজে পেয়েছেন।’’

আমদুনি বলেন, “আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি, এখনো করছি। আমার মনে হয়, সুযোগ আছে। আমরা আজ এখানে আছি; কারণ, আমরাও তাদের আঘাত করতে পারি।”

এদিকে কোয়ার্টার ফাইনালের আগে জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেমানের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, সুইস খেলোয়াড়রা মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং তাঁরা শুধু ম্যাচ শেষে মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়তে চান।

তবে লেমানের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না আমদুনি। তিনি বলেন, “মেসি দারুণ একজন খেলোয়াড়, সবচেয়ে সেরা। ছোটবেলায় সবারই কোনো না কোনো আইডল থাকে। কিন্তু তাদের বিপক্ষে খেলা ভিন্ন বিষয়। আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত