ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২২:৩৭

নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) নরসিংদী মডেল থানার বিলাসদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো পালিয়ে বেড়াচ্চে কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) ও ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮) তারা উভয়ই বিলাসদী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায় , গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার (৩৫) নরসিংদী আদালতে হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হয়ে পাকা সড়কে পৌঁছালে এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুলসহ অন্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেন। ৯ জুলাই নরসিংদী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলা দায়েরের পর নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে নরসিংদী মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ইনসান মিয়া ও শরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, গ্রেপ্তার দুই আসামি কারাগারে প্রেরন করা হয। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










