ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: দাম বেড়েছে তেলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৩৩ আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৩৮

ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।
সূত্র: বিবিসি
বাংলাদেশ জার্নাল/জে










