বিদ্যুৎ বিভ্রাটেও মোবাইল নেটওয়ার্ক সচল থাকতে হবে: স্পেন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৮:২৩

বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউটের সময়েও মোবাইল নেটওয়ার্ক সচল রাখার পদক্ষেপ নিচ্ছে স্পেন।
২০২৬ সালের শেষ নাগাদ কার্যকর হতে যাওয়া সরকারি এক অধ্যাদেশ অনুসারে, দেশটির প্রধান মোবাইল অপারেটর ও অবকাঠামো কোম্পানিগুলোর জন্য বিদ্যুৎ চলে যাওয়ার পরও অন্তত চার ঘণ্টা নেটওয়ার্ক সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
গেল বছরের বড় বিদ্যুৎ বিভ্রাটের ধাক্কা সামাল দিতে ও জরুরি সেবা নিশ্চিত করতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
স্পেনের সরকারি অধ্যাদেশ অনুসারে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা এসএনও ও অবকাঠামো নির্মাতা বিভিন্ন কোম্পানিকে এমন ব্যাটারি বা ব্যাকআপ সিস্টেম বসাতে হবে, যা বিদ্যুৎ চলে যাওয়ার পরও অন্তত চার ঘণ্টা সেবা চালু রাখতে পারবে।
মোবাইল নেটওয়ার্কের এ নিয়মটি সেসব কোম্পানির ওপর প্রযোজ্য হবে, যাদের অন্তত ৫ লাখ গ্রাহক রয়েছে বা যাদের বার্ষিক আয় ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৬৯ লাখ ডলার বা তার বেশি।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রথম বছরের মধ্যে দেশের অর্ধেক বা ৫০ শতাংশ জনসংখ্যাকে এ ব্যাকআপ ব্যবস্থার আওতায় আনতে হবে। এরপর দ্বিতীয় বছরে ৬৫ শতাংশ ও তৃতীয় বছরে তিন-চতুর্থাংশ বা ৭৫ শতাংশ জনগণকে এ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে।
গেল বছর স্পেনসহ প্রতিবেশী পর্তুগাল ও ফ্রান্সে যে বড় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল সেই ধরনের পরিস্থিতি সামাল দিতেই এ পদক্ষেপ নিচ্ছে স্পেন।
বিদ্যুৎ বিভ্রাটের সময়েও মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সচল রাখতে বাধ্য করার সিদ্ধান্তটি বেশ কার্যকর।
আগামী বছরগুলোতে এ পদ্ধতির কার্যকারিতা কিছুটা কমে আসতে পারে। কারণ সরাসরি স্মার্টফোনের সঙ্গে যোগ হতে পারে এমন স্যাটেলাইট প্রযুক্তি এখন বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যোগ হচ্ছে।
অধ্যাদেশে বিদ্যুৎ চলে যাওয়ার পরও অন্যান্য জরুরি অবকাঠামোকে নির্দিষ্ট সময় পর্যন্ত সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, এমন কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেলে পুরো স্পেন ক্ষতির মুখে পড়তে পারে, সেগুলোকে বিদ্যুৎ ছাড়াই অন্তত ২৪ ঘণ্টা সচল রাখতে হবে।
এ ছাড়া রয়টার্সের প্রতিবেদন বলেছে, জরুরি বিভিন্ন কল সেন্টারকেও তাদের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










