ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১:৫২

একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করাসহ আরও কয়েকটি বিমানের গুরুতর ক্ষয়ক্ষতি সাধনের দাবি করেছে ইরান।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। তারা জানায়, ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

এতে কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও অনেক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আইআরজিসি জর্ডানের নাগরিকদেরকে তাদের দেশে অবস্থান করা ‘আগ্রাসী ও ইসলামবিরোধী আমেরিকানদের স্বার্থের বিরুদ্ধে’ হামলা চালানোর আহ্বানও জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি জানিয়েছে, সিরিয়ার আল-তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও তারা হামলা চালিয়েছে। ইরানশাহরে মার্কিন হামলায় ইরানি সেনা নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তাছাড়া, এ বিষয়ে সিরিয়া বা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, গত ফেব্রুয়ারিতেই সিরিয়া-জর্ডান-ইরাক সীমান্তসংলগ্ন আল-তানফ ঘাঁটি থেকে তারা সেনা প্রত্যাহার শেষ করেছে।

প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এড়ানোর চেষ্টা করে আসছে সিরিয়া। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন ও রকেট হামলার মধ্যে দেশটি এই অবস্থান নিয়েছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উত্তরাঞ্চলীয় শহর এরবিল ও সুলাইমানিয়ায়তেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, হামলার লক্ষ্য ছিল ইরানের কুর্দি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী কোমালা। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

ইরান তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতে কোমালাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল দেশটি।

সম্প্রতি কাতারসহ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশের ওপরও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান। কুয়েতে একটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মরুভূমিবেষ্টিত দেশটির জন্য এই স্থাপনাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে। এরপর থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

যুক্তরাষ্ট্রও ইরানে বিমান হামলা বাড়িয়েছে। দেশটির বিভিন্ন সেতু, বিদ্যুৎ অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ বন্দরের টাওয়ারেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত