রৌমারী সীমান্তে ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৩:৪৮ আপডেট : ১৪ জুন ২০২৬, ১৩:৫৯

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুই সীমান্ত দিয়ে নয়জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন।
রোববার ভোর উপজেলার গয়টাপাড়া ও ভন্ধুরচর সীমান্ত এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
শূন্যরেখায় অবস্থান করাদের মধ্যে ছয়জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে।
বিজিবি জানায়, ভোর ৬টার দিকে সীমান্তের ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময় ভন্ধুরচর সীমান্ত দিয়েও আরও তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি গ্রামবাসীও সীমান্তে নজরদারি জোরদার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের চেষ্টার ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে তারাও সতর্ক অবস্থানে রয়েছে।
পুশ ইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছে বলে জানান তিনি।
গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে বিএসএফের পুশ ইন আমরা ঠেকিয়েছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এতে স্থানীয় জনগণও আমাদের সহায়তা করছে।”
বাংলাদেশ জার্নাল/এনএম










