ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সরকারি চাকরি আইন ২০১৮'র ৪১ ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের বিস্ময়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ২২:৩৮  
আপডেট :
 ২৪ আগস্ট ২০২২, ২২:৪২

সরকারি চাকরি আইন ২০১৮'র ৪১ ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের বিস্ময়
ফাইল ছবি

সরকারি চাকরি আইন ২০১৮'র একটি ধারার বৈধতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। উক্ত ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীকে তার কাজের সঙ্গে সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তারের আগে পুলিশকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮'র ৪১ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, 'কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।'

হাইকোর্টের মতে এমন বিধান বিশেষ একটি গোষ্ঠীকে দায়মুক্তি ও দুর্নীতিতে উৎসাহ জোগাতে সহায়তা করবে।

সরকারি কর্মচারী আইনে থাকা ‘কর্তৃপক্ষের পূর্বানুমতি’ নেয়ার বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুলের উপর বুধবার শুনানির সময় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ থেকে এমন মন্তব্য আসে।

বুধবারই রুলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এনিয়ে রায় দেবে আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

নানা মহলের সমালোচনার মধ্যে আইনের এ ধরা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ১৪ অক্টোবর জনস্বার্থে হাইকোর্টে আবেদন করে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

প্রাথমিক শুনানির পর একই বছরের ২১ অক্টোবর রুল জারি করে হাইকোর্ট। সরকারি চাকরি আইন- ২০১৮-এর ৪১(১) ধারা কেন বেআইনি ও বাতিল করা হবে না এবং এ ধারা সংবিধানের ২৬(১) ও ২৬(২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে।

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “২০১৩ সালে দুদক আইনের ৩২(ক) ধারায় এমন বিধান রাখা হয়েছিলো। পরে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত ওই ধারাটি বাতিল করেছিলেন। যদিও সরকার এখনও তা আইন থেকে বাদ দেয়নি। তখন আদালত একে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় আপিল বিভাগের একটি রায় তুলে ধরে বলেন, “আইনটি সরকারি কর্মচারীদের সুরক্ষার জন্য করা হয়েছে। আইনটিতে সরকারি কর্মচারীদের মধ্যে কোনো বৈষম্য করেনি। সব সরকারি কর্মচারীর বেলায় এ বিধান প্রযোজ্য।”

তখন এক বিচারক বিস্ময় প্রকাশ করে বলেন, “আইন করার ক্ষেত্রে সরকার কীভাবে বিশেষ একটি গোষ্ঠীকে দায়মুক্তি দেয়! এতে তো দুর্নীতিতে আরও উৎসাহ জোগাবে।”

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইন-২০১৮ এর গেজেট জারি হয়। এরপর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর সরকারের এক গেজেটে ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত