ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২২:১৩  
আপডেট :
 ১৭ জুলাই ২০২৬, ২২:২৫

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। টি-২০ সিরিজও হার দিয়ে শুরু করেছিল তাওহীদ হৃদয়ের দল।

শুক্রবার (১৭ জুলাই) দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৪ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৬ রানের ভালো সংগ্রহ তোলে বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান ১২০ রানের দারুণ জুটি গড়েন। দু’জনই ফিফটি তুলে নেন।

ইনিংসের ১৪.৪ ওভারে ফিরে যাওয়ার আগে ডানহাতি ওপেনার সাইফ ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চারের সঙ্গে একটি ছক্কার শট আসে। পরের ওভারে ফিরে যান অন্য ওপেনার তানজিদ। তিনি ৪৪ বলে ৫৮ রান করেন। বাঁ-হাতি এই ব্যাটার ছয়টি চার ও দুটি ছক্কার মারেন।

তিনে নামা অধিনায়ক তাওহীদ হৃদয় কিংবা চারে নামা পারভেজ ইমন ব্যর্থ হলেও পাঁচে নেমে ইয়াসির আলী এবং সাতে ব্যাটিংয়ে এসে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ঝড়ো ব্যাটিং করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। সাইফ ১২ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করেন। অলরাউন্ডার সাইফউদ্দিন ১০ বলে চার ছক্কায় ৩১ রান করেন।

জবাব দিতে নামা জিম্বাবুয়ে বাংলাদেশের দুই স্পিনার শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ২ বল থাকতে ১৫২ রানে অলআউট হয়েছে। ২১ রানে স্বাগতিকরা ৩ উইকেট হারায়। যার দুটি দখলে নেন মেহেদী। সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট ৪৪ রানের জুটি গড়েন। তারা যথাক্রমে ২৮ ও ২৯ রান করে রিশাদের বলে ফিরে যান।

শেষটায় ব্রাড ইভান্স ২৫ ও রিচার্ড এনগ্রাভা ১৫ রান যোগ করেন। অফ স্পিনার শেখ মাহেদী ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি এবং লেগ স্পিনার রিশাদ ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩৬ রানে ১ উইকেট নেওয়া সাইফউদ্দিন ম্যাচ সেরা হয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে রোববার মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত