ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু, স্ত্রীর আবেগঘন বার্তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:৩৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু, স্ত্রীর আবেগঘন বার্তা

দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। ফেসবুকের একটি ভিডিওতে তাঁকে দেখে অনেকেই চমকে যান। এরপর শুরু হয় খোঁজখবর নেওয়ার চেষ্টা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার সংগীতশিল্পী স্ত্রী বিন্দু কণা।

ইবরার টিপুর আইডি থেকে ফেসবুক লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়ায় মধ্যে আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।

বিন্দু কণা বলেন,ইবরার টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।

কথা প্রসঙ্গে বিন্দু কণা বললেন, দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন যাত্রা পার করতে হয়েছে। এখন সুস্থতার দিকেই এগোচ্ছেন। আমরা আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে এক আলাপচারিতায় ইবরার টিপু নিজেও ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। পাশাপাশি মানসিক শক্তি ধরে রাখতে স্টুডিওতে বেশি সময় কাটাচ্ছেন এবং নতুন নতুন গান তৈরির কাজে নিজেকে ব্যস্ত রাখছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ইবরার টিপু পরিচিত একটি নাম। তার সুর ও সংগীতে দেশের একাধিক প্রজন্মের শিল্পী গান গেয়েছেন। বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল আলোচিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। সেই গান তার সংগীতজীবনে নতুন মাত্রা যোগ করেছিল।

পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তার স্ত্রী জানিয়েছেন, সুস্থ হয়ে খুব শিগগির সবার পরিচিত সেই প্রাণবন্ত ইবরার টিপুকেই আবার দেখতে পাবেন ভক্তরা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত