নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেব:তারেক রহমান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেব। কিন্তু যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ও বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এটা মেনে নেব না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, এ নির্বাচন ভোটাধিকার বঞ্চিত ১৩ কোটি মানুষের উল্লেখযোগ্য ও স্মরণীয় দিন। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।
তিনি বলেন, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে চায়। কিন্তু এরইমধ্যে গত রাতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রত্যাশা করছি, মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক যুগেরও বেশি সময় ধরে মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, আমরা এত আসনে জয়ের ব্যাপারে আশাবাদী, যে আমরা দেশ পরিচালনা করতে পারব। যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, সবাই মিলে দেশ পরিচালনা করব।
কিছু রাজনৈতিক দল এখনো অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে চাচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা চাই না, এসব ঘটনা ঘটুক। সাধারণ মানুষ যদি বেরিয়ে আসে। ভোটের সংখ্যা যত বেশি হবে, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে।
ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ ভোট দিয়ে এসেছে। তারা দ্রুত ফল চাইবে। আমরা আশা করব, নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশ করবে।
এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারসহ ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ দিন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম










