যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবলপ্রধান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:০২

বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে তিনি এ তথ্য জানান।
জিবরিল রাজৌব জানিয়েছেন, বিশ্বকাপের আয়োজক এ দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় তিনি যেতে পেরেছেন। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাজৌব।
এএফপিকে টেলিফোনে রাজৌব বলেন, আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।
বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।’
গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের অধীন থাকা ক্লাবগুলোর খেলা চালানো নিয়ে ফিফার কাছে নিষেধাজ্ঞা চেয়েছিল ফিলিস্তিন। কিন্তু ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।
ফিলিস্তিনের দীর্ঘদিনের দাবি, পশ্চিম তীরে অবৈধ বসতিতে গড়ে ওঠা ক্লাবগুলো কোনোভাবেই ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এর আগে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফ এবং সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদেরও ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।
বাংলাদেশ জার্নাল/সিএম









