ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিএনপির অনিবার্য বিজয় রুখতে জামায়াত টাকা দিয়ে ভোট কিনছে: মাহ্দী আমিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

বিএনপির অনিবার্য বিজয় রুখতে জামায়াত টাকা দিয়ে ভোট কিনছে: মাহ্দী আমিন
মাহদী আমিন - সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের ‘অনিবার্য বিজয়’ রুখতে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ‘ভোট কিনছে’ বলে অভিযোগ করেছে দলটি।

নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনায় বিএনপির তরফে এই অভিযোগ তোলা হয়েছে।

বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, “বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে।

“আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ।

“যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন।”

এদিন দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান টাকার ব্যাগসহ আটক হন। তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য দিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।

এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে জামায়াত। দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ঢাকায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তার মুক্তি চাই। অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন? অদ্ভূত প্রশ্ন আইনশৃঙ্খলাবাহিনী করছে।

“এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে। এটা পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে কাজটা করা হচ্ছে।”

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, “টানা চার দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও নৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে।

“যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ।”

বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ধানের শীষ প্রতীকে বিএনপি ২৯১ আসনে লড়ছে। অন্যদিকে জামায়াত ২২৮টি আসনে প্রার্থী দিয়েছে।

মাহদী আমিন বলেন, “সৈয়দপুর বিমানবন্দর কান্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই। কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামায়াতের আমিরের নির্বাচনি আসন ঢাকা-১৫ আসনতেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরো দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায়।

“ইতিপূর্বে আমরা দেখেছি, দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থপ্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন।”

অর্থ দিয়ে ভোট কেনার এই অপচেষ্টার বিরুদ্ধে সারাদেশে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো নজরদারি বাড়ানোর আহ্বান জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।

তিনি অভিযোগ করে বলেন, “গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আমরা দেখতে পেরেছি, দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশী অস্ত্রসহ বাস, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে।

“এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।”

এ সময় মাহদী আমির বগুড়ার নন্দীগ্রামে হামলায় বিএনপির এক নেতার চোখ গুরুত্বভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, “বগুড়া-৪ আসনে নন্দীগ্রামে জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় খালতা মাছরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখের দৃষ্টি হারানোর খবর ছড়িয়ে পড়লে তার মা স্ট্রোক করে মারা যান।”

এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, “আমরা অতিদ্রুত দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

‘জালভোটের ব্যাপারে সর্তক থাকতে হবে’

প্রচারের সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হওয়ার আশঙ্কার কথা শোনা গেছে বিএনপির প্রার্থীদের মুখে।

নির্বাচনে আগের দিন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র জালভোটের ব্যাপারে সতর্ক করেছেন।

মাহদী আমিন বলেন, “অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে সেই দলের দুর্বৃত্তরা জনতার প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি। ইসলামি মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

“কিন্তু ইসলামি সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জালভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা পাসপোর্ট বা ভিসার ছবি তোলার মত করে মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয় ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে, যেখানে প্রযোজ্য।”

লক্ষীপুরে ভোটে ব্যবহারের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ও আদালতে জবানবন্দির দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, “দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে লুন্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের এই ঐতিহাসিক সময়ে আমরা প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে অনুরোধ করব সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের মতামতের ওপর আস্থা রাখতে, শ্রদ্ধা জানাতে।”

দেশের নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পরিবার ও সমাজে কতটা সম্মান এবং মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হবেন তাও এই নির্বাচনে মীমাংসা হওয়ার গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করেন তিনি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্রের মতে, কর্মঘণ্টা সীমিত করার কথা বলে, মনোনয়নবঞ্চিত করে নারীদের অমর্যাদা এবং অশালীন সম্বোধন করে যে অবমাননার চিত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এই নির্বাচন সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর একটি অপূর্ব সুযোগ।

শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত এবং পারস্পরিক সহাবস্থান ও সৌহাদ্য বজায় রাখার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, “সকল ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসমুখর স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণ-আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়ন করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব।”

‘সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন’

সকালে যত দ্রুত সম্ভব ভোট কেন্দ্রে আসার জন্য সারাদেশের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, “এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের। এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের।”

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেল, আতিকুর রহমান রুমন, জুবায়ের বাবু।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত