ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক, ভোটের মাঠে সীমিত লড়াই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৪৯  
আপডেট :
 ০৭ জুন ২০২৬, ০৯:৫৩

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক, ভোটের মাঠে সীমিত লড়াই
ছবি: সংগৃহীত

বিয়েবাড়ির মতো সাজগোজ কিংবা উৎসবের আবহ ততটা নেই। তবে কিছুটা সাজসজ্জা চোখে পড়ল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নির্বাচনে প্রার্থীদের কয়েকজনের ঢাউস আকারের ব্যানার চোখে পড়ল, নির্বাচন নিয়ে কিছু ফেস্টুনও। সন্ধ্যায় দেখা গেল আলোকসজ্জাও করা হয়েছে বিসিবি কার্যালয়ে। যদিও বড় ঘাটতি রয়ে গেছে মূল জায়গাতেই। বিসিবি নির্বাচন ঘিরে এসব আয়োজন, কিন্তু ভোটের মাঠে লড়াইয়ের আবহই নেই তেমন।

নির্বাচনের আগেই বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে ৮ জনের। রোববারের নির্বাচনে তাই ভাগ্য নির্ধারিত হবে মাত্র ১৫ জন পরিচালকের।

বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটেগরি-২ থেকে ১২টি ও ক্যাটেগরি-৩ থেকে ১টি। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে পরিচালক হন দুজন।

এই ২৫ পরিচালকের ভোটের পরে নির্বাচিত করা হয় বোর্ড সভাপতি ও দুজন সহ-সভাপতি।

আট মাসের মধ্যে বোর্ডের দ্বিতীয় নির্বাচন এটি। গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেয় একটি পরিচালনা পর্ষদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর পরে একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই প্রতিবেদনের ভিত্তিতে ৭ এপ্রিল বোর্ড ভেঙে দেওয়া হয়।

এরপর ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি, যার প্রধান করা হয় তামিম ইকবালকে। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয় কমিটিকে। সেই নির্বাচন হচ্ছে নির্ধারিত সময়ের আগেই।

আগের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৯ পরিচালক। এবারও বেশিরভাগের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে নির্বাচনের আগেই। গুঞ্জন আছে আড়ালে ছক সাজানোর।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালকের মধ্যে ৭ জনই ক্যাটেগরি-১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। ক্যাটেগরি-৩ থেকে একজন হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

ভোটের মূল লড়াই এবার ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ক্যাটেগরিতে।

প্রার্থীদের তালিকায় আছেন আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাবসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি। এই ক্যাটেগরি থেকেই নির্ধারিত হবে বোর্ডের ক্ষমতার ভারসাম্য।

এর আগের বোর্ডেও কিছু পরিচালক ছিলেন, তবে পরে বিভিন্ন সময়ে তারা পদত্যাগ করেন। এবারের নির্বাচনে নতুন বাস্তবতা থাকলেও নিয়ন্ত্রণ ও সমর্থন কাঠামো নিয়ে আড়ালে আলোচনা চলছে।

মোট ১৮৪ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ক্যাটেগরি-১ এ ৬৬ জন, ক্যাটেগরি-২ এ ৭৬ জন এবং ক্যাটেগরি-৩ এ ৪২ জন ভোটার।

ক্যাটেগরি-১ এ কয়েকটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ায় মাত্র দুটি বিভাগে ভোট হচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগে কিছু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

খুলনায় তিনজন প্রার্থী লড়ছেন দুটি পদের জন্য, বরিশালে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি পদের জন্য।

এই নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠন হবে, যারা পরবর্তী সময়ে বিসিবি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত